নওগাঁয় ২২কেজি গাঁজাসহ পুলিশের হাতে ধরা

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ , ১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নওগাঁর বদলগাছীতে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। সেই সাথে মাদক বহন করার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটকদের রবিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে ভোর ৫টার দিকে উপজেলার মহিলা কলেজ রাস্তায় অভিযান চালিয়ে ওই মোটরসাইকেলে গাঁজাবহন করে পালানোর সময় তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন উপজেলার চাঁদপুর গ্রামের মৃত অসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আব্দুল হামিদ (৫১) এবং নওগাঁ সদর থানার পাইকপাড়া গ্রামের মৃত আলিম চৌধুরীর ছেলে আশরাফুল ইসলাম (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচাজ (ওসি) মুহাম্মদ আতিয়ার রহমান।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম উপজেলার মহিলা কলেজ এলাকায় অভিযান চালায়। পুলিশের অবস্থান জানতে পেরে দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬লাখ ৬০হাজার টাকা। এছাড়া গাঁজা বহন কাজে ব্যবহৃত রেজিষ্ট্রেশনবিহীন একটি হিরো মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে গাঁজা ক্রয়-বিক্রি করে আসছে। এ ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।